কাজের সুবাদে আমি চলে এসেছি এক নতুন জায়গায়। নামটা অবশ্য একেবারে অচেনা নয়—সুনীল গঙ্গোপাধ্যায়ের “সেই সময়” পড়ে বহু আগেই এর সঙ্গে পরিচয় হয়েছিল। এখানে রয়েছে এক রাজপ্রাসাদ, যার নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ—উজ্জয়ন্ত । বুঝতেই পারছো, এ রাজ্য ত্রিপুরা, আর শহরটির নাম আগরতলা। ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক বহু পুরনো। মাণিক্য রাজবংশ কবিগুরুকে শুধু ভালোবাসতেনই না, নানা সময়ে আর্থিক সহায়তাও করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যখন গড়ে উঠছিল, তখন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য সহায়তার হাত বাড়িয়ে দেন কবিগুরুর প্রতি। রবীন্দ্রনাথের বহু নাটক ও সঙ্গীতনাট্য প্রথম মঞ্চস্থ হয়েছে এখানকার রাজদরবারেই। তিনি নিজেও একাধিকবার এসেছেন এই রাজ্যে। রবীন্দ্রনাথ ছাড়াও ত্রিপুরা নানা কারণে অনন্য। এখানকার অধিকাংশ মানুষ বাঙালি; তাই শহরটার আবহ বাংলারই এক সম্প্রসারিত রূপ বলে মনে হয়। দুর্গোৎসবের আয়োজন চলছে চারদিকে, প্যান্ডেল তৈরি হচ্ছে একের পর এক। তবে যেটা আমার কাছে নতুন অভিজ্ঞতা, তা হলো—প্যান্ডেলেই প্রতিমা গড়ে ওঠা। আমাদের অভ্যস্ত চোখে প্রতিমা গড়ে ওঠে কুমোরটুলিতে, আর নির্দিষ্ট দিনে সেটি পৌঁছয় ...